সিলেট নগরীতে স্থায়ী ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধী শনাক্ত এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন।
শুক্রবার বেলা সাড়ে ৩টায় সুইচ টিপে ক্যামেরাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
জিন্দাবাজার থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত ১২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। জিন্দাবাজার পয়েন্টে ৩টি, চৌহাট্টা পয়েন্টে ৪টি ও জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত পুরো রাস্তায় ৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। পরবর্তীতে আরও ক্যামেরা বসানো হবে বলে জানানো হয়েছে।
সিলেট সিটি করপোরেশন জানিয়েছে, নগরীর জিন্দাবাজার থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত ১২টি ক্যামেরা বসাতে ব্যয় হয়েছে ৫ লাখ ৪০ হাজার টাকা।
ঈদের পর আরও ৮টি ক্যামেরা বসানো হবে। এরপর পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন প্রাণ কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
সিসি ক্যামেরাগুলোর মনিটরিং করবে সিটি করপোরেশন। এ জন্য নগরীর জিন্দাবাজারের সিটি শপিং সেন্টারের আন্ডারগ্রাউন্ডে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে বসে সবগুলো ক্যামরার চিত্র পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এই ক্যামেরাগুলোতে দু'মাসের রেকর্ড থাকবে।
ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





