কুমিল্লার চান্দিনা এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপদেষ্টাসহ ৭ জন দগ্ধ হয়েছেন।

তাদের মধ্যে গুরুতর দগ্ধ দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে যাদের আনা হয়েছে তারা হলেন— বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে (৪০) এবং রাঙ্গাগামাটির একটি কলেজের শিক্ষক রনজিৎ শরমা (৩৫)। বাকি আহতদের নাম পরিচয় জানা যায়নি। তারা কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক ফরীদ মোহাম্মদ মাসুদ জানান, অঞ্জন কুমার দে রাতে রাজধানীর ফকিরাপুল থেকে ইউনিক পরিবহনের একটি বাসে করে রাঙ্গামাটির উদ্দেশে রওয়ানা হন।

রাত ১টার দিকে বাসটি কুমিল্লার চান্দিনায় পৌঁছলে হঠাৎ পেট্রোলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় অঞ্জনসহ বেশ কয়েকজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে কুমিল্লা সদর থেকে গুরুতর দগ্ধ অঞ্জন কুমার ও শিক্ষক রনজিৎ শরমাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তিনি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, ঢাকা থেকে রাঙ্গামাটিগামী যাত্রীবাহী বাসে রাতে পেট্রোবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় ৫ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এমকে