রাজধানীর কদমতলীতে দুই নারীকে ধর্ষণের পর পৃথক হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। কদমতলী থানা পুলিশ বুধবার রাতে তাদের গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

গ্রেফতার আসামিরা হলেন, শামীম, সোহাগ, জাকির, জামাল ও রাজিব। তাদের বয়স ২৮ থেকে ৩২ বছরের মধ্যে।

কদমতলী থানা সূত্রে জানা গেছে, জুন ও জুলাই মাসে দুই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। একটি ঘটনায় তিনজন ও অপরটিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১০ জুলাই জুরাইন শিশু কবরস্থানের কাছ থেকে ফরিদা নামের এক পোশাককর্মীর লাশ উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পোশাক কারখানারকর্মী শামীম, সোহাগ ও জাকিরকে গ্রেফতার করা হয়েছে।

অপর ঘটনাটি সম্পর্কে কদমতলী থানার পুলিশ জানায়, গত ১৮ জুন শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে পারুল নামের এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। তাকেও ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামাল ও রাজিবকে গ্রেফতার করা হয়েছে।