১১ বছর পর আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। চাঁদপুর স্টেডিয়ামে এ সম্মেলন ঘিরে চলছে সাজ সাজ রব।

সম্মেলন উপলক্ষে জেলা শহর ছেয়ে গেছে পোস্টারে। সভাপতি ও সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বড় বড় সাইনবোড, বিলবোর্ড, ব্যানার ও রঙিন পোস্টার শোভা পাচ্ছে। জেলা শহর ছাড়িয়ে উপজেলা এবং পৌরসভা অঞ্চলে টাঙানো হয়েছে সাইনবোর্ড, পোস্টার।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সম্মেলনের উদ্বোধন করবেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি, প্রাক্তন আইনমন্ত্রী অ্যাড. আব্দুল মতিন খসরু এমপি, র. ম. মুসতাকিন, ফরিদুর রহমান লাইলী, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় নেতারা।

সভাপতি এবং সম্পাদক পদে লড়াইয়ে নেমেছেন ১২ জন। যাদের নাম পোস্টারে, ব্যানারে বা স্থানীয় পত্রিকায় দেখা যাচ্ছে। এর মধ্যে সভাপতি প্রার্থী চার জন। আট জন সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন।

সভাপতি পদে বর্তমান সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া এমপি, চাঁদপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সহসভাপতি ইউসুফ গাজী, ডা. দীপু মনি এমপির বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন বর্তমান সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, বর্তমান সহসভাপতি হাজী ওসমান গনি পাটোয়ারী, বর্তমান যুগ্ম সম্পাদক আহসান উল্লা আখন্দ ও জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল ইসডু পাটোয়ারী, সামছুল হক মন্টু পাটোয়ারী, মজিবুর রহমান ভূঁইয়া, ডা. হারুনুর রশিদ সাগর।

৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির জন্য ৩৪৬ জন কাউন্সিলর ভোট দেবেন।

এমকে