কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে নলকোলা নামক স্থানে সড়কে দুর্ঘটনায় মুনিব (৩৫) ও জাহানারা (২৬) নামের দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো একজন।

শুক্রবার সকাল ১০টায় এক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা ঘটে। নিহত জাহানারা ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বৈষ্ণবপুর গ্রামের কদম মোল্লার মেয়ে এবং মুনিব কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গজনয়পুর গ্রামের হারেজ ম-লের ছেলে। পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সকালে ঝিনাইদহ জেলার শৈলকুপা থেকে মোটরসাইকেলে মুনিব, জাহানারাসহ তিনজন মিলে কুষ্টিয়ার মিরপুরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

কুষ্টিয়া-চুয়াডাঙ্গা মহাসড়কের নলখোলা নামক স্থানে একটি ট্রাককে অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছন চাকায় ধাক্কা খায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালক মুনিব ও তার শ্যালিকা জাহানারা ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী লতা রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাক বা চালককে আটক করা যায়নি।

এমএ