রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের পটুয়াখালী সফরে আগামীকাল মঙ্গলবার ঢাকা ত্যাগ করবেন। সফরকালে তিনি পটুয়াখালীর দুমকি ও কলাপাড়া উপজেলায় কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
সফরকালে রাষ্ট্রপতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিএসটিইউ) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের আচার্য।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি ৫ ফেব্রুয়ারি বেলা ৩টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে সভাপতিত্ব করবেন। তিনি বলেন, রাষ্ট্রপতির উপকূলীয় জেলাটির কলাপাড়া উপজেলার কুয়াকাটা যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন।
পটুয়াখালী জেলা সদর থেকে ৭০ কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে ৩২০ কিলোমিটার দূরে কুয়াকাটা একটি অত্যন্ত আকর্ষণীয় পর্যটনকেন্দ্র।
রাষ্ট্রপতি আগামীকাল মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে কুয়াকাটা যাবেন এবং সেখান থেকে তিনি হেলিকপ্টারে দুমকি উপজেলায় যাবেন।
পিএসটিইউ ক্যাম্পাসের ওই সমার্তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশেষ অতিথি এবং ইউজিসির সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের সভাপতি ইমেরিটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
এদিকে পটুয়াখালী থেকে প্রতিনিধি কাজল বরণ দাস জানিয়েছেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে স্নাতক এক হাজার ৯৬৮ জন, স্নাতকোত্তর ৯৫১ ও পিএইচডি নয়জন অংশগ্রহণ করবেন।
গত ৩ ডিসেম্বর থেকে সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলে। এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের এ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম থেকে ২০০৩-০৪ শিক্ষাবর্ষ হতে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ও অন্যান্য সব অনুষদ থেকে ২০০৫-০৬ শিক্ষার্বষ হতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ডিগ্রিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং জানুয়ারি-জুন ২০১৯ সেশন পর্যন্ত এমএস/এমবিএ ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী সব ছাত্র-ছাত্রীদের সমাবর্তন অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জানা যায়, সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটরা আগামীকাল মঙ্গলবার অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) সময়ে স্ব স্ব বিভাগ হতে কস্টিউম, ব্যাগ ও গিফট সংগ্রহ করতে পারবেন।
এ ছাড়া গ্র্যাজুয়েটরা সমাবর্তনের দিন অর্থাৎ বুধবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত স্ব স্ব বিভাগ হতে মূল সনদ গ্রহণ করবেন। এর মধ্যে কেউ সনদ গ্রহণ করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে মূল সনদ গ্রহণ করতে পারবে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, সমাবর্তনে মোট দুই হাজার ৯২৯ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে।
উপাচার্য বলেন, ছয়জনকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) এবং ৬৩ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে তাদের কৃতিত্বের জন্য স্বর্ণপদক দেওয়া হবে।
এমআর





