আবহাওয়া সংশ্লিষ্টদের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা শীত অনুভূত হতে পারে। আর নভেম্বরের শেষ দিকে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় শীতের প্রভাব আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর মাসে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

শুক্রবার (১৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, তাপমাত্রার পরিবর্তনের কারণে দেশের বিভিন্ন এলাকায় আবহাওয়ার অনুভূতিতে পার্থক্য থাকতে পারে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।

তিনি আরও জানান, হেমন্তের শেষ পর্যায়ে, বিশেষ করে নভেম্বরের মাঝামাঝি সময়ে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে। তবে ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এল নিনোর প্রভাবের কারণে এবার শীতের তীব্রতা তুলনামূলক কম থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, গত কয়েক বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। এ সময়ে রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

তার পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করতে পারে। ফলে শীতের বিদায় প্রক্রিয়াও শুরু হতে পারে ওই সময় থেকে।

সব মিলিয়ে, নভেম্বরের মাঝামাঝি থেকে শীতের প্রাথমিক অনুভূতি এবং ডিসেম্বর থেকে তুলনামূলক বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার প্রকৃত পরিস্থিতি অনুযায়ী তাপমাত্রার পরিবর্তন হতে পারে।

এনএইচ