ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিযার্তনে আমিনুর রহমান নামে এক বাংলাদেশি গরু ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আমিনুর ওই এলাকার জফির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তে আমিনুর রহমানসহ কয়েক জন ভোরে ৮৯১ নং সীমান্ত মেইন পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যায়।

এ সময় ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার ফুলবাড়ী ক্যাম্পের বিএসএফের একটি টহলদল তাদের ধাওয়া করে। এসময় সবাই পালিয়ে গেলেও আমিনুর রহমান বিএসএফের হাতে ধরা পরে। বিএসএফ তাকে নিযার্তনের পর সীমান্তের এপাড়ে ফেলে চলে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আমিনুরকে মৃত ঘোষণা করেন। আমিনুরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন দেখা গেছে।

১৫ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সিঙ্গিমারী ক্যাম্প কমান্ডার লিয়াকত আলী জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ঢাকা,৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর, জেআই