ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইদ্রিস আলী (৩৪) ও চৈতু মিয়া (৩০) নামে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

 

 

মঙ্গলবার ভোর ৪টায় সীমান্তের ৩৮২ পিলার এলাকার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

 

 

ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের ১৩ ঘণ্টা পর ফের এ ঘটনা ঘটলো।

 

 

গুলিবিদ্ধ ইদ্রিস বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর তালতলা গ্রামের খালিজ উদ্দিনের ছেলে ও চৈতু রত্নাই বারুসা গ্রামের দুদু মোহাম্মদের ছেলে। আহতরা স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

 

ঠাকুরগাঁও-৩০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌহিদ বিন ইসহাক বলেন, ভোরে ওই দুই ব্যবসায়ী গরু আনার জন্য ৩৮২ পিলার এলাকার ভারত অভ্যন্তরে গেলে ১৪ বিএসএফ ব্যাটালিয়নের সোনমতি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ইদ্রিস আলী ও চৈতু মিয়া গুলিবিদ্ধ হন। পরে তারা গুলিবিদ্ধ অবস্থায় এপারে ফিরে আসেন।

 

তিনি আরও জানান, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

 

 

উল্লেখ্য, সোমবার দুপুরে রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ৩৭৪ নম্বর পিলার এলাকায় বিজির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. আকরামুল হক ও ভারতের বিএসএফের কিষানগঞ্জ সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার বিং এস পানওয়ারের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে সীমান্তে গুলিবর্ষণ, বাংলাদেশি নাগরিক হত্যা, আটক বন্ধ করা ও শান্তিশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

কেএইচ