শহরে মোবাইল কোর্ট পরিচালনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও বিজিবির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার লালমনিরহাট পৌর শহরের গোশালা বাজারে এ ঘটনা ঘটে। এসময় দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা।
লালমনিরহাট জেলা প্রশাসন ও পুলিশ জানান, ঈদ ও পূজাকে সামনে রেখে চোরাচালান প্রতিরোধ, ভেজাল পণ্য ও মেয়াদ উর্ত্তীণ লাইসেন্স চেক করার জন্য মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেয় জেলা প্রশাসন।
দুপুরে প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের নেতৃত্বে চার নির্বাহী ম্যাজিস্ট্রেট চার প্লাটুন বিজিবি নিয়ে জেলা শহরের রেলবাজার, গোশালা বাজার, উত্তরণ সুপার মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা শুরু করেন।
এসময় শহরের সকল প্রবেশ পথ বন্ধ করে দেয় বিজিবি। এদিকে বিনা নোটিশে অভিযানের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি মোকছেদুর রহমানের নেতৃত্বে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে রাস্তায় নেমে আসলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এক পর্যায়ে ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটদের ঘেরাও করে রাখে। দুপুর ২টার দিকে মোবাইল কোর্ট প্রত্যাহার করে ম্যাজিস্ট্রেট ও বিজিবি চলে গেলেও ববসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের ওই তিনটি মার্কেট বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম জানান, মার্কেটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলেও দাবি করেন তিনি।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





