মাগুরায় ট্রাকের ধাক্কায় ফেরদৌস হাসান (২০) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা লক্ষ্মীকান্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস হাসান মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ও মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের স্নাতক (পাস) শ্রেণির ছাত্র।
রামনগর হাইওয়ে থানার পরিদর্শক আব্দুস সালাম মিয়া জানান, মোটরসাইকেল আরোহী ফেরদৌস বেলনগর থেকে মাগুরা শহরের দিকে যাবার পথিমধ্যে ঘটনাস্থলে এলে একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই আরেকটি ট্রাকের সাথে ধাক্কা লাগায় ছিটকে পড়ে যায় মোটরসাইকেল আরোহী ফেরদৌস। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত ফেরদৌসকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি উদ্ধার হলেও ট্রাকের চালক পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।
সাইফুল্লাহ/এমবি





