মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের পর নোয়াখালীতে ফুসে উঠে জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

এদিকে রায়কে ঘিরে আগের দিন রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কবিরহাট পৌর জামায়াতের সেক্রেটারিসহ ১৫ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডাদেশের পর জেলা শহর মাইজদী, চৌমুহনী, সেনবাগ, সোনাইমুড়ীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

এদিকে দুপুরে চৌমুহনীতে মিছিল বের করতে চাইলে ডিবি রোড ও রেলগেইট এলাকায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় লাঠিচার্জ করে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে বেলা ১১টার দিকে সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশ বাতিল করে তার মুক্তির দাবিতে মাইজদী শহরের নাপিতের পোল এলাকায় শহর শিবিরের সেক্রেটারি মাহবুব এলাহীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে এবং সকল ধরনের সহিংসতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের আটক করেছে।

তিনি আরও বলেন, সাঈদীর রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ