আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো দলের নয়, কোনো পক্ষেরও নয়। দলমত-নির্বিশেষে যাঁরাই নিখোঁজ হন না কেন, তাঁদের খুঁজে দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এ কথা বলেন। সাজিদুল ইসলাম সুমন রাজধানীর তেজগাঁও থানার শাহীনবাগের বাসিন্দা ও ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। নিখোঁজ ব্যক্তিদের পরিবার সংবাদ সম্মেলনটির আয়োজন করে।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে এ জন্য তাদের জবাবদিহি করতে হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করে পার পেয়ে যায় বলে দায়িত্বের প্রতি তারা শ্রদ্ধাশীলও হয় না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘সংবিধান ও আইনে বলা আছে, আইনশৃঙ্খলা বাহিনী যদি কাউকে গ্রেপ্তার করে, তবে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে সোপর্দ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ, তারা যেন আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখে এবং তা পালন করে।’
এই আইনজীবী আরও বলেন, যদি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ কাউকে তুলে নিয়ে যায়, তাহলে তাদের খুঁজে বের করা এবং কারা তুলে নিয়ে গেল, তাদেরও আইনের মুখোমুখি করাই আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী বলেন, এ ধরনের নিখোঁজ হওয়ার যে ঘটনা, এগুলোকে প্রতিহত করতে জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিচারপতিদের এ ক্ষেত্রে সাহসী ভূমিকা পালন করতে হবে।
সংবাদ সম্মেলনে নিখোঁজ ব্যক্তিদের অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা।
গত বছরের ৪ ডিসেম্বর পৃথক সময়ে প্রশাসনের লোক পরিচয় দিয়ে সাজিদুলসহ আটজনকে তুলে নিয়ে যাওয়া হয়। বাকি সাতজন হলেন শাহীনবাগের বাসিন্দা কাওসার আহমেদ, পূর্ব নাখালপাড়ার আবদুল কাদের ভূঁইয়া মাসুম, পশ্চিম নাখালপাড়ার মাজহারুল ইসলাম রাসেল, মুগদা এলাকার আসাদুজ্জামান, উত্তর বাড্ডার আল আমীন, শাহীনবাগের এ এম আদনান চৌধুরী ও সাজিদুলের খালাতো ভাই বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা জাহিদুল করিম তানভীর।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]