ভারতের কলকাতায় বর্ডার গার্ড বাংলাদেশ ও বর্ডার সিকিউরিটি ফোর্সের আইজি পর্যায়ে চার দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার দুপুরে বিজিবির ২৪ সদস্যের প্রতিনিধি দল বেনাপোল দিয়ে ভারতে গেছেন।
বিজিবি উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহম্মেদ চৌধুরী এই দলের নেতৃত্ব দিচ্ছেন।
বিজিবি দলকে সীমান্তের জিরো লাইনে বিএসএফের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কলিকাতা বিএসফের ডিআইজি মৃদুল সরোয়ার।
প্রতিনিধি দলে বিজিবির যশোর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল ইসলাম, রংপুর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, ঠাকুরগাও সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান লোকমান হোসেন, খুলনা সেক্টর কমান্ডার আনিসুর রহমান প্রমুখ রয়েছেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, আজ বিকেলে কলকাতায় শুরু হচ্ছে সীমান্ত সম্মেলন।
সম্মেলন শেষে আগামী ৭ জুলাই বাংলাদেশ প্রতিনিধিদল দেশে ফিরবে।
নাসির/এমএনজে





