কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৯ নং ওর্য়াডের নব নির্বাচিত কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন রকিবকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে স্থানীয় গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ থেকে নির্বাচনের ফলাফল শেষে বিজয় লাভ করে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন রাস্তায় একদল দুর্বৃত্ত তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ আল-আমিন মিয়াজী জানান, গুলিটি রকিব উদ্দিনের কোমরের পেছনে লেগেছে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে গৌরীপুর হাসপাতালে গিয়ে তাকে দেখেছি, তবে এখনো ওই কাউন্সিলরকে গুলি করার নেপথ্যে কি কারণ রয়েছে, কিংবা কারা এর সাথে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

এআই