যশোরে নিউমোনিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন ১৪/১৫ জন শিশু এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এছাড়াও বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছে অন্তত ১০০ শিশু।

গত এক সপ্তায় যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে প্রায় এক হাজার শিশু প্রাথমিক চিকিৎসা নিয়েছে। চিকিৎসকরা বলছেন, ভাইরাসের কারণেই নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ড সূত্রে জানা গেছে, হঠাৎ করেই শিশুরা নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। বহির্বিভাগ থেকে প্রতিদিনি চিকিৎসা নিচ্ছে গড়ে ১০০ শিশু। শূন্য থেকে ৫/৬ বছর বয়সী শিশুরাই এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এর মধ্যে যাদের অবস্থা বেশি খারাপ তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের শিশু চিকিৎসা বিভাগে ডাক্তার মাহফুজুর রহমান জানান, প্রতিদিন ১৪/১৫ জন করে শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। যশোর ২৫০ শয্যার হাসপাতালে শিশু ওয়ার্ডে ২৫টি বেডের বিপরীতে বর্তমানে শতাধিক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। রোববারই ভর্তি হয়েছে ৭৮ জন। এর মধ্যে একজন ভর্তির পর পরই মারা যায়। এ নিয়ে গত ২০ দিনে ১০টি শিশু মারা গেছে। আমরা সাধ্যমত তাদের চিকিৎসা দিচ্ছি।

ইতিপূর্বে যারা আক্রান্ত হয়েছে তাদের সবাই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

অবিভাবকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, আক্রান্ত শিশুকে নিয়মিত স্বাভাবিক খাবার দিতে হবে। শরীর ঘেমে গেলে মুছে দিতে হবে। ঠান্ডা অনুভব করলে গরম কাপড়ে জড়িয়ে নিতে হবে। বিশুদ্ধ পানি পান করানোসহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে শিশুরা সুস্থ থাকবে।

কোন রকম অসুস্থতার লক্ষণ দেখা দিলে তাকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে পরামর্শ নিতে হবে।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই