প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৬৯তম অধিবেশনে যোগ দিতে আট দিনের সরকারি সফরে আজ রাতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

আমিরাত এয়ার লাইন্সের একটি বিমান আজ রাত সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা করবে।

আশা করা যাচ্ছে, বিমানটি সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে (নিউইয়র্ক টাইম) জন এফ কেনেডি বিমান বন্দরে অবতরণ করবে। নিউইয়র্ক যাওয়ার পথে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা দুবাইতে দুই ঘণ্টা যাত্রাবিরতি করবেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন জন এফ কেনেডি বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

উষ্ণ শুভেচ্ছা বিনিময়ের পর মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউইয়র্কের গ্রান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ