নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজদের পরিবারের জন্য কিছুই করার নেই। নিখোঁজদের মরদেহ না পাওয়া পর্যন্ত কোনো সাহায্য বা ক্ষতিপূরণ দেয়া সম্ভব নয়।’

মাদারীপুরের ইউআই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাকিম মিয়ার কবর জিয়ারত শেষে শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌমন্ত্রী এ কথা বলেন।

নিহত প্রত্যেক পরিবারকে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এক লাখ টাকা এবং জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, ৪ আগস্ট মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে পদ্মায় প্রায় তিনশ যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চ পিনাক-৬। ওই ঘটনায় এখনও লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি।

সর্বশেষ ৪৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৬৭ জন। তাদের বেশির ভাগই মাদারীপুর জেলার বাসিন্দা।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ