বরিশাল নগরীতে ট্রাকের ধাক্কায় নেছার তালুকদার (৪০) নামে বিআরটিসি বাসের এক চালক নিহত হয়েছেন।

শনিবার গভীর রাতে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত নেছার তালুকদার পটুয়াখালী জেলার মৌকরন গ্রামের তাজেম তালুকদারের ছেলে। এ ঘটনায় ট্রাকসহ চালক রিপন হাওলাদারকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখায়াত হোসেন জানান, শনিবার রাতে পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে যশোরের উদ্দেশে যাচ্ছিলো সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাসটি। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ওপরে একটি মালবাহী ট্রাক পেছন থেকে এটিকে ধাক্কা দেয়। এসময় ড্রাইভার নেছার তালুকদার পড়ে গিয়ে গুরুতর আহত হন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোররাতে তিনি মারা যান। ট্রাক চালককে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন।

কেএইচ