যানজট এড়াতে আগামী ৮ আগস্ট থেকে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ঈদুল আজহার ছুটি দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ আগস্ট দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
আজ রোববার (১৪ জুলাই) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
‘ঈদের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, কেউ কোনো সমস্যার সম্মুখীন হলে সবাইকে ৯৯৯ নম্বরে ফোন করে অবস্থার কথা জানাবেন, তাহলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৮ আগস্ট থেকে গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে। যাতে অযথা যানজট না হয়।’ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। শ্রমিকদের বেতন ভাতা ও ব্যবসার স্বার্থে আগামী ৯ ও ১০ আগস্ট ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ব্যাংক খোলা রাখার বিষয়ে আমরা অনুরোধ করেছি।
ঈদ সামনে রেখে কোনো নাশকতার আশঙ্কা আছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ঈদকে সামনে রেখে নাশকতার কোনো সংবাদ এখন পর্যন্ত নেই। যদি হয় সে জন্য নিরাপত্তা বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।’
কুবানির পশুর হাট বিষয়ে মন্ত্রী বলেন, রাস্তার পাশে কোনো প্রকার পশুর হাট বসতে পারবে না। পশুর হাটে বা রাস্তায় চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা থাকবে। গরুর হাটে সন্ধ্যাকালীন টাকা লেনদেনে বুথ খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করা হয়েছে। তারা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।
‘পশুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প, সিসিটিভি স্থাপন, জাল নোট শনাক্তকারী মেশিন থাকবে, টাকা-পয়সা পরিবহনে পুলিশ বাহিনীর সহযোগিতা চাইলে সহযোগিতা করবে।
সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পটোয়ারী, সুরক্ষা সেবা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এএস





