গাজীপুরে আফরোজ স্পিনিং নামে একটি কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের ভুরুলিয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ভোরে পশ্চিম ভুরুলিয়া এলাকার আফরোজ স্পিনিং মিলস লিমিটেডের কাটিং সেকশনে আগুনের সূত্রপাত হলে এর লেলিহান শিখা মুহূর্তের মধ্যে কারখানার তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে।
এ সময় অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে ২ ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে কারখানার গোডাউনে থাকা তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জেএ





