বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামো সনদের আওতায় অনুষ্ঠেয় কপ ৩১-এর প্রস্তুতিমূলক আন্তর্জাতিক প্রাক-অনলাইন সেমিনার ‘দ্য রোড টু আনাতোলিয়া : ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড এনডিসি ৩.০’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওয়েবিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, ইউনেস্কো চেয়ার অন এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট এবং গ্রিন স্কিলস অ্যান্ড ক্লাইমেট অ্যাকশনস।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, টেকসই নগর ও বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। বায়ুদূষণ কমাতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো, পাহাড় কাটা রোধ এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে কার্যকর আইন প্রয়োগ করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর জন্য এনডিসি ৩.০ বাস্তবায়নে পর্যাপ্ত আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করা জরুরি। জলবায়ু সম্পর্কিত অগ্রাধিকারগুলোকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপান্তরের পাশাপাশি বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইফুম পারভেজ বলেন, জলবায়ু অর্থায়নের উৎস বহুমুখীকরণে উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর এবং কপ ৩১-এর আলোচ্য বিষয়ের সঙ্গে জাতীয় লক্ষ্যের সমন্বয় ঘটিয়ে বাস্তবায়নভিত্তিক ফলাফলের ওপর তিনি গুরুত্ব দেন।

স্বাগতিক বক্তব্য প্রদানকালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী গ্রিন হাউজ গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য হলেও ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। তাই সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ গ্রহণের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ নূরুল মুনীরের সঞ্চালনায় সেমিনারে ইন্দোনেশিয়া, তুরস্ক, উগান্ডা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা অংশ নেন। বক্তারা গ্রিন ক্লাইমেট ফান্ড, বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক ও মিশ্র অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে টেকসই প্রকল্প বাস্তবায়নের সুপারিশ জানান।

এমএম