রাজধানীর রায়েরবাগ , ধামরাই ও লালমনিরহাটের হাতীবান্ধায় আজ রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার রাত ও রবিবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনা ঘটে।
ধামরাই: ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাজেদুর রেজা সুমন (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরও ৪ জন বাসের যাত্রী আহত হয়েছেন।
শনিবার দিনগত রাতে ধামরাইয়ের ডাউটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদুর রহমান মাগুরা জেলার সেলিম রেজার ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি পাশের এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি ছিটকে পরে মাথায় গুরুতর আঘাত পান।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরে বাস ও ট্রাকের চালক পালিয়ে গেলেও যানবাহন দুটি জব্দ করা হয়েছে।
সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ ওয়াহেল বাকি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর কদমতলী: রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় এক অটোচালক নিহত হয়েছেন।
মোহাম্মদ আলী (৪০)। রোববার সকাল ৬টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষা গ্রামের মৃত মকিম আলী হাওলাদারের ছেলে।
বর্তমানে কদমতলীর রায়েরবাগের মোহাম্মদবাগ এলাকায় পরিবারের সঙ্গে তিনি ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি অটোচালক ছিলেন।
নিহতের ভায়রা ভাই আক্তার হোসেন জানান, বাসা থেকে মোহাম্মদ আলী চোখ দেখানোর উদ্দেশ্যে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। পথে রায়েরবাগে রাস্তা পারাপারের সময় একটি পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকাল পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ঢামেক মর্গে রয়েছে।
লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা নবদম্পতি নিহত হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পারুলিয়া ঘুণ্টির বাজারের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ সিন্দুর্নার মোশার চৌপুতি এলাকার আব্দুস সোবহানের ছেলে গোলাম মোস্তফা (৩২) ও তার স্ত্রী রাহিলা বেগম (১৯)।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম সিদ্দিকি বাংলানিউজকে বলেন, স্বামী গোলাম মোস্তফাসহ বাবার বাড়ি পশ্চিম বিছনদৈ এলাকায় দাওয়াত খেয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন নববধু রাহিলা বেগম।
পথে ঘুণ্টিবাজারের বটতলা এলাকায় একটি ট্রাক তাদের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান এই নবদম্পতি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
এএস





