ব্লগার অভিজিত রায় ও অনন্ত বিজয় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার দিবাগত রাতে রাজধানীর নীলক্ষেত ও ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের দাবি, গ্রেফতার হওয়া তিনজন হলেন আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ সরবরাহকারী তৌহিদুল ইসলাম, সক্রিয় কর্মী সাদেক আলী ও আমিনুল মল্লিক।
র্যাবের মিডিয়া এ্যান্ড লিগাল উইংয়ের উপ পরিচালক মেজর রুম্মান মাহমুদ জানান, সোমবার রাতে নীলক্ষেত ও ধানমন্ডি থেকে ওই তিনজনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তমনা ব্লগের লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলায় আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এ ঘটনায় অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় মামলা করেন।
হত্যায় জড়িত সন্দেহে ২ মার্চ যাত্রাবাড়ী থেকে শফিউর রহমান ওরফে ফারাবী নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করে র্যাব। ফারাবীকে দুই দফা রিমান্ডে নেওয়া হয়।
অপরদিকে ১২ মে সকালে সিলেট নগরের সুবিদ বাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তা মোড়ে খুন হন বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ। ওই দিন রাতে বিমানবন্দর থানায় অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন।
প্রায় তিন সপ্তাহ পর মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। সিআইডি তদন্তে নেমে ইদ্রিস আলী নামের এক স্থানীয় ফটোসাংবাদিককে গ্রেপ্তার করে।
এআই





