মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের এক কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সরকার সমর্থিত প্রার্থীর লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে আটটার দিকে জেলার সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চৌধুরীর হাট গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে (আনরাস) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম বাবুল হাওলাদারের কর্মী মুজাম আকনের (৪৫) ওপর এ হামলা করে অপরপক্ষের লোকজন।

রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেলে মুজাম গুচ্ছগ্রাম থেকে পার্শ্ববর্তী চৌধুরীরহাটে আসছিলেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী তৌফিক আকনের কর্মীদের মিছিলের মুখে পড়ে।

তৌফিক আকনের ছোট ভাই মিজু আকন, শাজাহান বালী, ছমির মাদবরসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মুজাম আকনকে কুপিয়ে মারাত্মক আহত করেন। খবর পেয়ে মাদারীপুর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মুজাম আকনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম বাবুল হাওলাদার বলেন, ‘জনপ্রিয়তা সহ্য করতে না পেরে আমার নির্বাচনী প্রতিপক্ষ আমার কর্মীদের উপরে প্রতিদিনই আক্রমণ করছে।’

এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী তৌফিক আকন সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনা তারা নিজেরাই সাজিয়ে আমার সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। মুজাম আকনকে আমার কোনো কর্মী মারেনি।’

এ ব্যাপারে মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘ঘটনা শুনেই আমি পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।’

এমই