“চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি। তাই চীন ও দক্ষিণ কোরিয়া থেকে যারা দেশে আসছেন, তাদের হিসাব-নিকাশ ও পর্যবেক্ষণে রাখবে সরকার।” বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে এক হোটেলে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউয়ের বাস্তবায়ন উপলক্ষে এক কর্মশালা শেষে তিনি এসব কথা বলেন।

আবদুল মোমেন আরও বলেন, “যারা ওইসব জায়গা থেকে আসবে তাদের নাম-ঠিকানা নিয়ে রাখবো যাতে করে কোনও ঘটনা ঘটলে আমরা বুঝতে পারি।”

চীনা কর্মীর সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষ কাজ করছে, এজন্য কোনও সমস্যা হবে কি-না? এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এতে কোনও অসুবিধা নাই। ভাইরাস না থাকলে অসুবিধা কোথায়?”

ভ্রমণ সতর্কতার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা কোনও ভ্রমণ সতর্কতা দেইনি। আমরা কোনও আতঙ্ক সৃষ্টি করতে চাই না। আমরা চলাচলে কোনও রেসট্রিকশন দেইনি, শুধু বলেছি আমরা সতর্ক থাকবো।”

আবদুল মোমেন বলেন, “চীনের উহান থেকে দেশের মানুষদের ফিরিয়ে আনতে বাংলাদেশ, ভারতসহ অনেক দেশ আবেদন করেছে। তবে চীন সরকারের অনুমতি ছাড়া আমরা তাদের আনতে পারবো না। এ বিষয়ে আলোচনা চলছে।” তিনি বলেন, “আমরা এ ব্যাপারে সজাগ এবং দেশেও সে ধরনের ব্যবস্থা রেখেছি। এখানে হাসপাতালও তৈরি আছে।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা ভাইরাসের বিষয় নিয়ে একটি বৈঠক আছে। তবে এই রোগের প্রতিষেধক কী, আমরা তা এখনও জানি না।”

এমবি