‘জয় হিন্দ’ স্লোগান দিয়েছেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। সেদিন অনুষ্ঠানে উপস্থিত একাধিক শিক্ষক-শিক্ষার্থী উপাচার্যের এমন কাণ্ডে অবাক হয়ে যান।

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পর ‘জয় হিন্দ’ বলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে রাকসু আন্দোলন মঞ্চ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা।

গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে রাবি ভিসি ‘জয় হিন্দ’ স্লোগান দেন। একজন স্বাধীন দেশের নাগরিক হয়ে অন্য দেশের স্লোগান কীভাবে দেন প্রশ্ন তুলে ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহানকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন অনেকেই।

এক প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী জানান, উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে অন্য একটি দেশের স্লোগান কি করে ভরা মজলিশে দেন তিনি তা তাদের মাথায় ঢুকছে না।

প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, ভিসির স্লোগানের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে। উক্ত বক্তব্যটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর।

একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে এ বক্তব্য খুবই উদ্বেগজনক। আমরা মনে করি এই বক্তব্যের মাধ্যমে তিনি লাখ লাখ শহীদের আত্মত্যাগ ও লড়াই সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশকে অসম্মান ও অস্বীকার করেছেন। যা দেশদ্রোহীতার শামিল।

বিশ্ববিদ্যালয়ের ভিসির মত পদে বসে এমন গর্হিত বক্তব্য প্রদানের মাধ্যমে উক্ত পদকে তিনি কলঙ্কিত করেছেন। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে উক্ত বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

এ বিষয়ে জানতে ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

এএস