ঢাকার সাভার ও গাইবান্ধা জেলায় পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মৃত মুনছুর আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৪), হামিদুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম ওরফে শফিকুল (৩০), একই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন ওরফে কালু (৩১), গাইবান্দা জেলার সাঘাটা উপজেলার ছাদ কালপানি গ্রামের মৃত শফি উদ্দীন সরকারের ছেলে কালাম সরকার (২৬), একই এলাকার শের আলীর ছেলে সুজন আলী (২৬) এবং বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা বড়িয়াহাট এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে সোনা মিয়া (৩২)।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি নাজির আহমেদ খান ও শিবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) এ কে এম খালেকুজ্জামান পিপিএমের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তিনি আরও জানান, ৩ সেপ্টেম্বর জেলার শিবগঞ্জ উপজেলার একটি বাড়িতে ডাকাতি করে পালানোর সময় দেউলি বাজারের এক নৈশপ্রহরীকে হত্যা করে শফিকুল ইসলাম, সাজেদুল ইসলাম ওরফে শফিকুল ও তোফাজ্জল হোসেন ওরফে কালু।

গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে দিনাজপুর, গাজিপুরসহ দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য তাদের ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশ সুপার মোজাম্মেল হক।

কেএইচ