ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে গুরুতর আহত রফিকুল ইসলাম (২৭) নামে এক বাংলাদেশিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
শুক্রবার সকাল ৯টায় যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় ইছামতি নদীর পাড় থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত রফিকুল ইসলাম বেনাপোল পোর্টথানাধীন গয়ড়া গ্রামের রমজান আলীর ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার সামসুর রহমান জানান, ওই গরু ব্যবসায়ী বৃহস্পতিবার রাতে গরু আনার জন্য ইছামতি নদীর ধারে অপেক্ষা করছিল। এ সময় সেখানে টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
পরে তাকে পিটিয়ে গুরুতর জখম করে ইছামতি নদীর ধারে ফেলে রেখে যায়। সকালে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে নদীর ধারে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সহযোগীতায় উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠিয়ে দেয়।
এআর





