ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। এ সময় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে দু'পাশে শতাধীক যানবাহন আটকাপড়ে। পরে পুলিশ ঘটনার স্থলে এসে যানচলাচল স্বাভাবিক করেন।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, শনিবার রাত ১ টার সময় ময়মনসিংহ- শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা নামক স্থানে শেরপুর থেকে ময়মনসিংহগামী মুরগী বোঝাই পিকআপের সাথে ময়মনসিংহ থেকে শেরপুরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের ২ যাত্রী ঘটনারস্থলেই নিহত হন আর ৩ জন গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে আহতদের অপর একজন মারা যান।

নিহতরা হলেন মুরগী ব্যবসায়ী ময়মনসিংহ সদরের কেওয়াটখালি গ্রামের মৃত শমসের আলীর পুত্র ইদ্রিস আলী (৪৫), দিঘারকান্দা গ্রামের নজরুল ইসলামের পুত্র হৃদয় মিয়া (১৮) ও মৃত আব্দুল মজিদের পুত্র শহিদুল ইসলাম (৪২)। দুর্ঘটনায় পিকআপ চালক বুরহান (২৬) ও আল আমিন (৩৫) গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে ফুলপুর থানার ওসি আলী আহাম্মদ মোল্লার নেতৃত্বে পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে আর নিহত ব্যাক্তিদের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

টাইমনিউজবিডি.নেট/ ছায়েদ/ মাহমুদ