রাজশাহী মহানগরীর রাপাড়া থানার চণ্ডিপুর এলাকার আহসান হাবি আপেল ওরফে হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে নিহতের বোন ববি খাতুন ৮ জনকে আসামি করে মহানগরীর রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেছেন। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান এ তথ্য জানান।

ওসি জানান, মামলা দায়েরের আগেই মামলায় উল্লেখ তিন আসামিকে আটক করা হয়েছে। এরা হলেন- নিহত হৃদয়ের প্রতিবেশী গিয়াস উদ্দীনের ছেলে রজব আলী ওরফে রিকো (২৬), তার ভাই রমজান আলী ওরফে লিমন (২৩) এবং তাদের ফুপু লালমতি বেগম (৫০)।

ওসি আরও জানান, বিকেলে আটকদের উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। বুধবার (১৫ জুন) শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানান ওসি।

এর আগে মঙ্গলবার ভোরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চণ্ডিপুর এলাকায় হৃদয়কে কুপিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা। নিজ বাড়ি থেকে মাত্র দু’শ’গজ দূরে গলির মধ্যে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার পলাশ ওষুধের ফার্মেসিতে কাজ করতো।

ওএফ