কুমিল্লার মনোহরগঞ্জের খিলা ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন আহমেদের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই প্রার্থী নিরাপত্তা চেয়ে শনিবার মনোহরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে চেয়ারম্যান প্রার্থী শহিদ উদ্দিনের ব্যক্তিগত মোবাইলে ০১৭৯০৫৫৫৫০ নম্বর থেকে ফোন দিয়ে এক ব্যক্তি নিজেকে আজরাইল দাবি করে হত্যার হুমকি দেয়।
সর্বশেষ শুক্রবার রাত ৯টার দিকে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী ওই চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে কাফনের কাপড়ের একটি প্যাকেট রেখে যায়। রেখে যাওয়া প্যাকেটে আগর বাতি, গোলাপ জল, সাবান, আতর, ব্লেডসহ অন্যান্য মালামাল রয়েছে।
এ বিষয়ে শহীদ উদ্দিন আহমেদ জানান, মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় কিছু সন্ত্রাসী আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিা। ওই সন্ত্রাসীরাই এখন আমার বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে মোবাইলে হুমকি দিচ্ছে বলে মনে হয়।
তিনি বলেন, ওই সন্ত্রাসীদের ভয়ে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই নিরুপায় হয়ে থানায় জিডি করেছি।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র ভট্ট জানান, থানায় জিডি হয়েছে। তদন্তসাপেক্ষে এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ওএফ





