মেসে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা ও তার ৫ সহযোগীকে আটক করেছে র্যাব।
শনিবার রাত ১১টার দিকে বরিশালের কাশিপুরের ইছাকাঠী কলোনির একটি মেস থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য কামরুজ্জামান লিখন (৩৬), পলাশ চন্দ্র সমাদ্দার (২৯), সুশান্ত বিশ্বাস (২৯), শিপুল বেপারী (২১) ও রাজিব হোসেন (২১)। আরেকজনের পরিচয় জানা যায়নি।
র্যাব-৮ এর ১ নম্বর সিপিসি কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশার জানান, গোপন খবরের ভিত্তিতে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুরের ইছাকাঠীর ওই মেসে অভিযান পরিচালনা করে লিখনসহ ছয়জনকে আটক করা হয়।
আটকদের স্বীকারোক্তি অনুযায়ী মেসে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, ৮টি রামদা, ৯টি মোবাইল ফোন ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক লিখনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর, সন্ত্রাস ও টেন্ডারবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে জানান ক্যাপ্টেন আবুল বাশার।
এআর





