বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে নালিশ জানিয়ে সমালোচিত প্রিয়া সাহার ব্যাপারে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, প্রিয়া সাহার বক্তব্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যার কারণে তার ব্যাপারে হুট করে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না। এক্ষেত্রে তার বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনা করা হবে।
শনিবার সিলেটের কোম্পানীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।
প্রিয়া সাহার বক্তব্যের পেছনে কোনো রাজনৈতিক দলের ইন্ধন আছে কি-না, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপার তার জানা নেই। প্রিয়া সাহাই ভালো বলতে পারেন।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে সিলেট-১ (সদর-নগর) আসনের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন।
এ সময় তিনি বলেন, উন্নয়নের মহাসড়কে দেশ। সেই উন্নয়নের হাল ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গুণগত শিক্ষা নিশ্চিত করা না গেলে উন্নয়নের মহাসড়কে আমরা হোঁচট খাব। তাই সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। মন্ত্রী বলেন, দেশকে বেকারত্বের অভিশাপমুক্ত করতে প্রতি বছর ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে সরকার। এ সুযোগ কাজে লাগাতে প্রশিক্ষণের প্রতি জোর দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় জানানো হয়, সিলেট-১ সংসদীয় আসনভুক্ত এলাকার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও সংস্কারের জন্য ১৭২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে বৃক্ষরোপণের জন্য চারা তুলে দেন। এদিন বিকেলে নগরীর রেজিস্ট্রি মাঠে মহানগর যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী।
এমআর





