অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের দায়ে আটক তিন বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে হাকিমপুরের হিলি সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করল ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের কামাল গেট নামক এলাকায় বিজিবি ও বিএসএফের মাঝে কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ক্যাম্প কমান্ডার জাফরুল্লাহ খান বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নানের কাছে তাদের হস্তান্তর করেন।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন বগুড়া জেলা সদরের ভুলু আকন্দের ছেলে রিপন আকন্দ (২৭), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়গ্রামের আলী আহম্মেদের ছেলে হাসান আলী (২৪) ও সিরাজগঞ্জ জেলা সদরের আমীর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৫)।
এদের বুধবার বিকালে ভারতের হিলি বাজার থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিএসএফ সদস্যরা আটক করেন।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





