পারিবারিক বিরোধের জের ধরে রাজশাহী মহানগরীতে বন্ধুর ছুরিকাঘাতে বিপ্লব হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে নগরীর মতিহার থানার কাজলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব হোসেন নগরীর কাজলা এলাকার এরশাদ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রনি ও বিপ্লব হোসেন পরস্পর বন্ধু। প্রায় ৮ বছর আগে বিপ্লব ভালোবেসে রনির ছোট বোন লিজা খাতুনকে বিয়ে করেন। কিন্তু এই বিয়ে মেনে নেননি রনি। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
শুক্রবার বিকেলে কোনো তর্কবিতর্ক ছাড়াই বিপ্লবের বাড়ির সামনেই রনি তাকে ছুরিকাঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন বিপ্লব। ছুরিকাঘাত করে রনি পালিয়ে গেলে স্থানীয়রা বিপ্লবকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, পুলিশ সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। নিহত বিপ্লবের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর অভিযুক্ত রনিকেও আটকের চেষ্টা চলছে।
এমবি





