চুয়াডাঙ্গার বারাদী সীমান্তে আতিয়ার রহমান (৩৬) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে পিটিয়ে গুরতর জখম করেছে বিএসএফ। বর্তমানে চিকিৎসাধীন তিনি।
আতিয়ার রহমান চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামের ঘাটপাড়া মহল্লার আনিস উদ্দিন ভুন্দার ছেলে।
নির্যাতিত আতিয়ার রহমান জানান, মঙ্গলবার ভোরে স্থানীয় মাথাভাঙ্গা নদী সাঁতরিয়ে ৮১ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতের চাপড়া থানার বিজয় চন্দ্রপুর গ্রামে যান গরু আনতে। এরপর গরু না পেয়ে সকাল সাতটার দিকে খালি হাতে ফিরে আসছিলেন। তখন বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে ধরে রাইফেলের বাট ও লাঠি দিয়ে বেদম পিটাতে থাকে। এক পর্যায়ে মাথায় আঘাত লাগলে জ্ঞান হারিয়ে ফেলেন। তখন বিএসএফ তাকে মাথাভাঙ্গা নদীর ধারে ফেলে রেখে যায়।
এরপর সকাল নয়টার দিকে কামারপাড়া গ্রামের কয়েকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
আতিয়ার রহমান আরো জানান, বিএসএফ তাকে পিটিয়ে মেরে ফেলতো। পিটুনির একপর্যায়ে রাজু নামের বিএসএফ’র আইএনটি অফিসার তাকে ছেড়ে দিতে বললে একজন বিএসএফ মাথায় আঘাত করে। এরপর অজ্ঞান হয়ে যায়।
মঙ্গলবার দুপুরে আতিয়ার রহমানের বাড়িতে গিয়ে দেখা যায়, শয্যাশায়ী আতিয়ার রহমানের শরীরে স্যালাইন পুশ করা। পিঠে ও মাথায় অসংখ্য জখমের চিহ্ন। তার কথা বলতে কষ্ট হচ্ছে।
পাশে বসা স্ত্রী শাহানারা খাতুন জানান, তাদের অভাবের সংসারে তিনটি কন্যা সন্তান রয়েছে। স্বামী আতিয়ার রহমান অল্প কিছুদিন হলো ভারত থেকে গরু এনে বেঁচা-কেনা করে। মঙ্গলবার ভোরে গরু আনতে গেলে বিএসএফ তাকে ধরে এভাবে নির্যাতন করেছে।
৭/৮ বছর বয়সী বড় মেয়েটি বাবার পাশে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তার আব্বার ছবি তুলতে বার বার নিষেধ করছে। বলছে, বিজিবি জানতে পারলে আব্বাকে আবার ধরে নিয়ে যাবে। জেলে পাঠাবে। একইভাবে বৃদ্ধ মা ও স্ত্রী শাহানারা খাতুনও নিষেধ করছিলেন ছবি তুলতে। তাদের ভয়, বিষয়টি টের পেলে বিজিবি ধরে নিয়ে যাবে।
এ ব্যাপারে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, ঘটনাটি শোনার পর তার নির্দেশে বিজিবির সদস্যরা এলাকার সব ক্লিনিক ও হাসপাতালে খোঁজাখুঁজি করে তাকে আতিয়ারকে পাইনি।
বারাদী সীমান্তে সরেজমিন গিয়ে দেখা যায়, বিজয়চন্দ্রপুর গ্রামটি ভারতের কাঁটাতারের বেড়ার বাইরে হওয়ায় মাথাভাঙ্গা নদী সাঁতরিয়ে সহজে চলে যাওয়া যায়। অর্থাৎ এপারে বাংলাদেশের কামারপাড়া, ওপারে ভারতের বিজয়চন্দ্রপুর। প্রতিদিন রাতে-দিনে এখান থেকে শতাধিক গরু আসে বাংলাদেশে।
এএইচ





