রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি মার্কেটের টয়লেটে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে মার্কেটটির মালিক বশির আহমেদ মারা গেছেন।

রোববার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।

নিহত বশির আহমেদের বাবার নাম আয়েত আলী। তিনি রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ১২৩/বি মাটির মসজিদ এলাকার স্থায়ী বাসিন্দা।

নিহতের ছেলে মাহতাব আলম জানান, গত বৃহস্পতিবার সকালে বি-৯২, মালিবাগ, চৌধুরীপাড়ার তার নিজ মার্কেটের টয়লেটে যান তার বাবা বশির আহমেদ। তার ধূমপানের অভ্যাস ছিল। তিনি টয়লেটে বসে সিগারেট ধরালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনি দগ্ধ হন।

আহত অবস্থায় উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এআর