বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিন জেলার পলাশবাড়ী উপজেলায় তিনটি মালবাহী ট্রাকে আগুন দেয়া হয়েছে। এ ছাড়া ধাওয়া খেয়ে আরও দুটি ট্রাক খাদে পড়ে চালকসহ ৭ জন আহত হয়েছেন।

রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলা সদরে ফিলিং স্টেশন এলাকায় বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত সাড়ে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পলাশবাড়ী ফিলিং স্টেশন এলাকায় ৮-১০ জনের একদল অবরোধকারী মহাসড়কে চলাচলরত আলুভর্তি দুটি ট্রাকে ভাঙচুর চালিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ট্রাকে আগুন দেয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভার ও হেলপার লাফিয়ে প্রাণে রক্ষা পান।

এ ছাড়া রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলা সদরের মহেশপুর ব্র্যাক মোড়ের কাঁচামাল বাজার এলাকায় আরও একটি ট্রাক ভাঙচুর করে আগুন দেয় অবরোধকারীরা।

ক্ষতিগ্রস্ত ট্রাকচালক জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা নজরুল ইসলাম ও ক্ষতিগ্রস্ত অপর ট্রাকের হেলপার চট্টগ্রাম এলাকার দিদার মিয়া জানান, ট্রাকে ভাঙচুরসহ পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় অবরোধকারীরা। এ সময় ট্রাকে থাকা বোতলের পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করায় কম ক্ষতি হয়।

এদিকে, একই সময় রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ীর মহেশপুর ও সাদুল্যাপুর উপজেলার বত্রিশ মাইল এলাকায় অবরোধকারীদের ধাওয়ায় দুটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা ড্রাইভার ও হেলপারসহ ৭ জন পান ব্যবসায়ী আহত হন। আহদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পলাশবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ