সকাল থেকে বৃষ্টি অব্যাহত থাকায় বরিশালে ২০ দলীয় জোটের ডাকা হরতাল বিঘ্নিত হয়েছে।
নগরীর নাজিরেরপুল থেকে সোমবার সকাল ৯টার দিকে একটি মিছিল বের করার চেষ্টা করে বিএনপি। তবে বৃষ্টির কারণে মিছিল বের করতে পারেনি। সকাল থেকেই নগরীতে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-বীমা, স্কুল-কলেজের কার্যক্রম অন্য দিনের মতোই চলছে।
দূরপাল্লার যানচলাচল বন্ধ রয়েছে। রূপাতলী থেকে খুলনা ও ভাণ্ডারিয়া ছাড়া অভ্যন্তরীণ অন্য ২৩টি রুটে বাস চলাচল করছে। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। হানিফ পরিবহনের ম্যানেজার রানা তালুকদার জানান, বৃষ্টির কারণে যাত্রীর সংখ্যা কম, তাই হরতালে পরিবহন বন্ধ রেখেছেন তারা।
নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) সোয়েব আহমেদ পিপিএম জানান, আইনশৃঙ্খলা রক্ষায় নগরীর বিভিন্ন পয়েন্টে ৭০০ পুলিশ মোতায়েন আছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আছেন ২০ জন। এর পাশাপাশি রয়েছে র্যারবের টহল দল।
সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা বা হরতালের সমর্থনে কোথায়ও পিকেটিং হয়নি। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো আটক নেই বলে জানান তিনি।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





