কুমিল্লায় ট্রাক ও লেগুনা সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৬ জন আহত হয়েছেন।
আজ (২৬ জুলাই) রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার জেবপুর হরিণধরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো: সাফায়াত হোসেন জানান, রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে যাত্রী নিয়ে লেগুনাটি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে কলসানগরে যাচ্ছিল। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেবপুর হরিণধরা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশের ওই কর্মকর্তা জানান, এতে ঘটনাস্থলে দুই লেগুনাযাত্রীর মৃত্যু হয়। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এমবি





