বিভাগীয় শহর রাজশাহীতে পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় হজরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এ সময় দেশ-জাতির শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এতে ইমামতি করেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামীয়া শাহ্ মখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাৎ আলী। এছাড়া দ্বিতীয় ইমাম হিসেবে জামাতে আম বয়ান করেন হেতম খাঁ মসজিদের ইমাম হাফেজ মওলানা ইয়াকুব আলী।
ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয় মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে সকাল সাড়ে ৮টায়। একই সময়ে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় মহানগরীর সাহেব বাজার বড় রাস্তায়।
রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে প্রায় ১৫ হাজার মানুষ ঈদ-উল ফিতরের দুই রাকাত নামাজ আদায় করেন। এখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীসহ পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি ইকবাল বাহার, মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, পুলিশ সুপার নিসারুল আরিফসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মুসল্লিরা নামাজ আদায় করেন।
ঈদের প্রধান জামাতে দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ঈদগাহ ময়দানে সবাই এক অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা এবং কুশলাদি বিনিময় করেন।
এছাড়া একই সময় মহানগরের ১০১টি ঈদগাহসহ আশপাশের শতাধিক ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর দরবারে প্রয়াত বাবা-মা ও স্বজনদের রুহের মাগফেরাত কামনার জন্য বিভিন্ন গোরস্থানে যান এবং কবর জিয়ারত করেন।
এমকে





