রাজশাহীর গোদাগাড়ীতে হরতাল-অবরোধে পিকেটিং করতে গিয়ে ট্রাকের ধাক্কায় এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ সময় আরও এক যুবদলকর্মী আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার নবগ্রামে গোদাগাড়ী-কাকনহাট সড়কে এ ঘটনা ঘটে।

নিহত যুবদল নেতার নাম এসলাম হোসেন (৩৬)। তিনি অলকছাত্রা গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে। এসলাম উপজেলার রিসিকুল ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি। তবে আহত যুবদলকর্মীর নাম আলমগীর হোসেন (৩৫)। সে একই গ্রামের রুহুল আমিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নবগ্রাম মোড়ে গোদাগাড়ীগামী একটি খালি ট্রাক থামানোর চেষ্টা করে যুবদলের তিন নেতাকর্মীরা। এ সময় চালক ট্রাকের গতি বাড়িয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ট্রাকের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে এসলাম ও আলমগীর। এদের মধ্যে এসলাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন আলমগীরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তবে সড়ক দুর্ঘটনায় এসলামের মৃত্যু হয়েছে বলে দাবি করেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) এসএম আবু ফরহাদ। তিনি বলেন, ‘হরতাল-অবরোধ পালন করতে তারা তিনজন এক সঙ্গে গোদাগাড়ী সদরে এসেছিলেন। কিন্তু কোন দলীয় কোন কর্মসূচি না থাকায় তারা মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে নবগ্রাম মোড়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে এসলাম মারা যান।
জেআই