করোনা ভাইরাস পরিস্থিতিতে আটকে থাকা ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর বায়োপিকের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

একই সঙ্গে দুই দেশ যৌথভাবে শিগগিরই মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র তৈরির কাজও শুরু করবে বলে জানান তিনি।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে সাক্ষাতের পর তথ্যমন্ত্রী এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে। এর কাজ শুরু হচ্ছে। করোনার কারণে এটি আপাতত বন্ধ রয়েছে। তবে খুব শিগগিরই সে কাজ শুরু হবে। একই সঙ্গে দুই দেশের প্রযোজনায় মুক্তিযুদ্ধের ওপর একটি তথ্যচিত্রের কাজও আমরা শুরু করবো।

আমরা এ বিষয়গুলো আলোচনা করেছি। এছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম, যেটির সঙ্গে কারো তুলনা হয় না। পাশাপাশি দ্বিপাক্ষিক আরও কিছু বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’

রিভা গাঙ্গুলী বলেন, বঙ্গবন্ধুর ওপর একটি ফিল্ম তৈরি হচ্ছে যেটি বায়োপিক। এর অনেক কাজ এগিয়ে গিয়েছিল কিন্তু কোভিডের কারণে শুটিং শুরু হতে পারেনি।

আশা করছি শিগগিরই শুটিং শুরু হবে। আমরা যৌথভাবে মুক্তিযুদ্ধের ওপর একটি ডকুমেন্টারি ফিল্ম করবো। সেটার কাজ এগোচ্ছে ধীরে ধীরে।’

এএস