ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দাঁড়িয়ে থাকা ট্রাক’কে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আরও চারজন আহত হয়েছেন।

আজ (২০ মে) বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন প্রাইভেটকারচালক মো: বিল্লাল হোসেন (৩২)। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

বিজয়নগর থানার ওসি মো: আতিকুর রহমান জানান, সকাল পৌনে ৭টার দিকে একটি পণ্যবোঝাই ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় সিলেটগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালকসহ দুজন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় আহত হয় চারজন। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এমবি