ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাটে পদ্মায় ডুবে নিখোঁজ তিন শিক্ষার্থীকে এখনো উদ্ধার করা যায়নি। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে তাঁরা নিখোঁজ হন।
নিখোঁজ তিনজন হলেন মণিপুর কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সালমান (২১), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র মো. মহিম (২২) ও মিরপুর কমার্স কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সুপ্রিয় (২৩)।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঢাকা থেকে পাঁচ বন্ধু দোহারের মৈনট ঘাটে ঘুরতে আসেন। তাঁরা পদ্মা নদীতে গোসল করতে নামেন। পাঁচ বন্ধু একসঙ্গে পানিতে নামলে স্রোতের টানে তিনজন ডুবে যান। অন্য দুজন তাঁদের সাহায্য করতে গিয়ে নিজেরাও ডুবে যাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন ওই দুজনকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া বুয়েটের ছাত্র অপূর্ব ও ফাহিম জানান, তাঁদের তিন বন্ধু সালমান, মহিম ও সুপ্রিয় নিখোঁজ রয়েছেন।
তিন শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বুধবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ তিন ছাত্রের কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।
কেবি





