বর্তমান সরকারের চার বছরপূর্তি উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিতর্কিত নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দ্বিতীয় দফায়মন্ত্রিপরিষদ গঠনের ৪ বছর পূর্ণ হলো আজ (শুক্রবার)।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। টানা ৯ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

আজ (শুক্রবার) আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার তাদের চার বছর পূর্ণ করে। এ ব্যাপারে গত বুধবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর সাংবাদিকদের বলেছিলেন, শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আর্মি স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে।

মন্ত্রী আরও জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর এই ভাষণে বর্তমান সরকারের উন্নয়নের সব বিষয় থাকবে এবং সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বাংলার ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি এবং সরকারের চার বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

এমবি