রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরে কর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের এক সদস্যসহ শিবিরের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এক শিবির কর্মীকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল সোয়া ৯টার দিকে কয়েকশ’ শিবির কর্মী মহাখালী ওয়ারলেস  গেটে থেকে একটি  মিছিল বের করে। মিছিলটি মহাখালীর দিকে যেতে চাইলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
পুলিশের বাধার মুখে ক্ষুব্ধ শিবির কর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে জামায়াত শিবির কর্মীদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের এক সদস্যসহ শিবিরের অন্তত ১০জন আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ এক শিবির কর্মীকে আটক করে।
তবে দুইজন শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর (উত্তর) শিবিরের প্রচার সম্পাদক সাগর। জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী ও নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবেই এই বিক্ষোভ মিছিলটি বের হয়।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]