চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ১দিন আগে বিএনপির ৫৬ জন এজেন্ট এবং দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করে অভিযোগ দিয়ে দলীয় কার্যালয় নাসিমন ভবনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, “যেহেতু এজেন্টরা নির্বাচনের একটি অংশ। তাই নির্বাচনী এজেন্টদের ছাড়িয়ে আনতে কমিশনকে অনুরোধ জানিয়েছি। আর যদি কমিশন এতে বিফল হয় তাহলে তাদের ব্যর্থতার দায়ভার নিয়ে নির্বাচনী দায়িত্ব থেকে সরে আসা উচিত।”
তবে নির্বাচন যেমনই হোক শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়ে বিএনপি প্রার্থী বলেন, একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন এবং জনগনের ভোটের প্রতি আগ্রহী করে কেন্দ্রে নেয়ার জন্য আমরা তিন মাস যাবত মানুষকে সচেতন করেছি। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে বহিরাগত সন্ত্রাসী, মাস্তান ও দলীয় ক্যাডার দিয়ে ভোট কেন্দ্র দখলে পরিকল্পনা এবং প্রশাসনের অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য দলীয় নেতাকর্মী এবং আমাদের এজেন্টদের গ্রেপ্তার করে হামলা মামলা অব্যাহত রেখে আগামীকাল ভোট ডাকাতির চেষ্টা করছে।
তিনি বলেন, নির্বাচন যেভাবেই হোক আমরা মাঠ ছেড়ে যাব না।
এদিকে, চসিক নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা না করলেও নির্বাচনের দিন চট্টগ্রামের দুটি শিল্পাঞ্চল ইপিজেড ও কেইপিজেডের সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ভোটদানের সুবিধার্থে এ দুটি প্রতিষ্ঠানের ১৭৭টি কারখানার প্রায় তিন লক্ষাধিক শ্রমিক ছুটির আওতায় থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিইপিজেড মহাব্যবস্থাপক এনামুল হক ইউএনবিকে জানান, কর্ণফুলী ইপিজেডের সঙ্গে সমন্বয় করে তাদের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, “শ্রমিকরা যেন সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে পারেন সে বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি। এছাড়া, নির্বাচনের দিন যান চলাচলও কম থাকবে।”
কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তের বিষয়টিও নিশ্চিত করেছে।
এর আগে সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় এবার সাধারণ ছুটি ঘোষণা করা হবে না বলে সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। গণপরিবহন চলাচলেও কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি।
রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, “অনেক ভোটার শহরের বাইরে থাকতে পারেন। এছাড়া, সাধারণ ছুটি ঘোষণা করা হলে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েন।”ইউএনবি
এমবি





