কুমিল্লার চান্দিনায় মাহাবুব আলম (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে তাকে এ কারাদণ্ড দেয়া হয়।
রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছালেহ আহাম্মদের রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মাহাবুল আলম চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের কোড়েরপাড় গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনা মহিলা কলেজ এর একাদশ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো ট্রাক্টর চালক বখাটে মাহাবুব। শনিবার বিকেলে ওই ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার সময় আবারও ইভটিজিং শুরু করে।
খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ বখাটে মাহবুবকে আটক করে রোববার দুপুর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত এক বছরের বিনাশ্রম সাজা দেয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মেয়েদের উত্ত্যক্ত করার একাধিক অভিযোগ রয়েছে।
এসএইচ





